মাগুরায় সরকারি আটা বিক্রি বন্ধে দুর্ভোগ

খাদ্য বিভাগের দায়িত্বে অবহেলার কারণে মাগুরা শহরের স্বল্প আয়ের মানুষরা সরকারের দেওয়া ১৮ টাকা কেজি দরের আটা পাচ্ছেন না ১০ দিন ধরে। এদিকে ক্রেতাদের চাপের মুখে ঘর বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছেন একাধিক খোলা বাজারের ওএমএস ডিলার।

সরকারের দেওয়া আটা খাদ্য বিভাগের মাধ্যমে সারা দেশের মতো মাগুরা জেলাতেও ওএমএস ডিলাররা ১৮ টাকা কেজি দরে বিক্রি করে আসছিল। এজন্য শহরের নয়টি ওয়ার্ডে পাঁচজন ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়। ডিলারপ্রতি প্রতিদিন এক হাজার কেজি করে আটা বরাদ্দ রাখা হয়েছে। যেখান থেকে একজন ব্যক্তি ১৮ টাকা কেজিতে প্রতিদিন পাঁচ কেজি করে আটা কিনতে পারবেন। আটা বা গম বরাদ্দের জন্য প্রতি মাসের ২৮ তারিখের মধ্যে নিজ নিজ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠাতে হয়।

কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার ও খাদ্য অফিসের এক কর্মচারী জানান, মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক খুলনায় বসবাস করেন। সেখান থেকে এসে সপ্তাহে দুই-তিন দিন অফিস করেন। যে কারণে সময়মতো চাহিদাপত্র না পাঠানোয় কোনো বরাদ্দ আসেনি। ফলে চলতি ডিসেম্বর মাসের ৯ তারিখ থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে শহরের পাঁচজন ওএমএস ডিলারদের আটা বা গম সরবরাহ বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উল ইসলাম একেক সময়ে নানা ধরনের কথা বলছেন। একবার বলছেন, তিনি সময়মতো বরাদ্দপত্র পাঠিয়েছেন। আবার বলছেন, এক তারিখে চাহিদাপত্র পাঠিয়েছেন। আবার বলছেন, ডিজি বিদেশ সফরে, ডিডি ট্রেনিংয়ে থাকায় বরাদ্দপত্র স্বাক্ষর হতে দেরি হচ্ছে।