পথশিশুদের পুনর্বাসনে ব্যবস্থা কী : হাইকোর্ট

রাজধানীর মতিঝিল এলাকায় পথশিশু সেলিমের গায়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মতিঝিল থানার ওসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। পাশাপাশি পথশিশুদের পুনর্বাসনে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আদেশ প্রাপ্তির ৪০ দিনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পথশিশুদের পুনর্বাসনে যথোপযুক্ত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে নাÑএ মর্মে রুল দিয়েছে হাইকোর্ট। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ রিট আবেদনে উল্লিখিত বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

পথশিশুদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি পদক্ষেপের নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে সম্পূরক আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট থেকে এ আদেশ আসে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত কুমার তালুকদার। আইনজীবী মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, মতিঝিলে অগ্নিদগ্ধ ১০ বছর বয়সী সেলিমের চিকিৎসার দায়িত্ব মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নিতে বলা হয়েছে।

মতিঝিল থানা পুলিশের বক্তব্য অনুযায়ী, গত সোমবার বিকেলে মতিঝিল ফকিরাপুল এলাকায় সেলিম নামে ওই পথশিশুকে এক ভিক্ষুক দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। এরপর বিষয়টি গণমাধ্যমে আসে। শিশুটি পুলিশকে জানায়, সে ওই এলাকার ফুটপাতে থাকত এবং এক নারীকে মা বলে ডাকত। এক রিকশাচালক তার মাকে কুপ্রস্তাব দেয়। এর প্রতিবাদ করলে ওই রিকশাচালকের সঙ্গে তার বাকবিত-া হয়। এরপর সে কমলাপুর এলাকায় গেলে ওই রিকশাচালক তার গায়ে আগুন ধরিয়ে দেয়। সেলিমের শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানান।