রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। কক্সবাজারের চকরিয়ায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাবা-ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা সড়কে লরির ধাক্কায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুরে দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আহত হয়েছেন পাঁচজন। ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত ও অপরজন আহত হয়েছেন। সাতক্ষীরায় বাসের ধাক্কায় মারা গেছেন ট্রলিচালক। প্রতিনিধিদের পাঠানো খবর রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় গতকাল বুধবার বিকেলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। এদের মধ্য থেকে গুরুতর আহত
অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কুষ্টিয়ার কুমারখালীর ফরমান ম-ল ও রাজবাড়ীর পাংশার বাহাদুরপুর ইউনিয়নের জামান সেখের ছেলে মিজান সেখ (২৮)।
দুর্ঘটনাকবলিত ঢাকা থেকে আসা লালন পরিবহনের যাত্রী আলম হোসেন জানান, বাসটির চালক শুরু থেকেই বেপরোয়া ছিল। পথে গোয়ালন্দ মোড় এলাকায় এলে একবার পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয়। এরপর পুলিশ বাসটিকে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। এরপর দুর্গাপুর এসে এই ঘটনা ঘটে। তিনি দাবি করেছেন নিহত ফরমান ম-ল তার শ্বশুর।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজবাড়ীর উপসহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দ্দার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লালন পরিবহন রাজবাড়ীর দুর্গাপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরিফ এক্সক্লুসিভ নামের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে আরও তিনজন মারা যায়।
কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। এ সময় স্ত্রীসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছে। আহতদের প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ভর্তি করা হয়।
গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্থ গর্জনতলী নতুন মসজিদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুটাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়াপাড়ার মৃত ছাবের আহমদের ছেলে সিএনজিচালক মোহাম্মদ নুরু (৩৫) ও তার শিশু ছেলে মঈনুর খান (৯)।
নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা সড়কে লরির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের বাদে আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুর্গাপুর উপজেলার চ-িগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮) ও কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লোকমান ভূইয়ার ছেলে কাইয়ুম (৫৫)।
ঝালকাঠিতে মাইক্রোবাস ও টমটমের সংঘর্ষে মোসলেম আলী খান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলার কাঁঠালিয়া উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছে।
এছাড়া, রাজাপুরে ট্রাকচাপায় দেলোয়ার সিকদার (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বাদুড়তলা মোড় মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণশ্রমিক দেলোয়ার নির্মাণাধীন রাজাপুর মডেল মসজিদে কর্মরত নির্মাণ শ্রমিক ও পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামের মৃত সানু সিকদারের ছেলে।
ঝিনাইদহের সদর উপজেলার হাটগোপালপুর পাওয়ার হাউসের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্নাফ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নাফ সদর উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত সুমন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সম্ভুর ছেলে।
সাতক্ষীরায় বাসের ধাক্কায় এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার যশোর সড়কের লাবসা মা চম্পার দরগার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত সংগ্রাম পরিবহনের বাসসহ চালককে আটক করেছে। নিহতের নাম আসাদুল ইসলাম (২৬)। তিনি সাতক্ষীরা সদরের এল্লারচর গ্রামের আবদুল মাজেদের ছেলে।