দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম ও অফিস সহকারী সমর কুমারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় দিনাজপুর।
হাসপাতালের বরাদ্দকৃত ৫ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান ও সহকারী উপপরিচালক আহসানুল হাবিব পলাশের নেতৃত্বে দুদকের একটি দল তাদের গ্রেপ্তার করে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় দিনাজপুরের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, চলতি ২০১৮-১৯ অর্থবছরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে বিভিন্ন খাতের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। পরে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিভিন্ন খাতের ৫ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অফিস সহকারীসহ চার জনের বিরুদ্ধে আজ মামলা দায়ের পূর্বক তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।