সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, দেবরসহ গ্রেপ্তার ২

সাভারের এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে সাভার মডেল থানা  পুলিশ। এঘটনায় বৃহস্পতিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী মো. সুজন হোসেন। এর আগে বুধবার দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া এলাকায় এই দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌর এলাকার দক্ষিণ রাজশান মোল্লাপাড়া মহল্লার আবু তাহের ছেলে শিমুল (১৮) ও একই মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল (১৯)। এর মধ্যে গ্রেপ্তারকৃত জুয়েল ভুক্তভোগী নারীর খালাতো দেবর এবং শিমুল জুয়েলের বন্ধু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ বুধবার দুপুরে খালার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। এক পর্যায়ে দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া এলাকার জুয়েলদের বাড়ির সামনে পৌঁছালে জুয়েল ও তার বন্ধু শিমুল জোরপূর্বক তাকে জুয়েলদের বাড়িতে ধরে নিয়ে যায়। পরে তার হাত ও মুখ গামছা দিয়ে বেঁধে রেখে জোরপূর্বক দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে ওই গৃহবধূকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

পরে ভুক্তভোগী গৃহবধূ ঘটনাটি তার স্বামীকে জানালে বুধবার রাতেই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন স্বামী সুজন হোসেন। এ ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করেন। পরে বৃহস্পতিবার সকালে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করে দুইজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত শিমুল ওই ভুক্তভোগী নারীর খালাতো দেবর এবং জুয়েল শিমুলের বন্ধু। তাদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।