সম্রাটের কারামুক্তি চেয়ে পোস্টার ফেস্টুন

ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া কারাবন্দি যুবলীগ ঢাকা মহানগরের  (দক্ষিণ) বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মুক্তির দাবিতে নানা পোস্টার ও ফেস্টুন দেখা গেছে আওয়ামী লীগের সম্মেলনস্থলের আশপাশে। গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আশপাশের মৎস্য ভবন, সেগুনবাগিচা ও ঢাকা ক্লাব এলাকায় বিভিন্ন স্থাপনার দেয়ালে সম্রাটের মুক্তির দাবিতে পোস্টার এবং ফেস্টুন দেখা গেছে। কে বা কারা দেয়ালে এসব সাঁটিয়েছে তা জানা না গেলেও পোস্টার ও ফেস্টুনে ‘ইসমাইল চৌধুরী সম্রাট মুক্তি পরিষদ’ এবং ‘ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজ’র নাম দেখা গেছে।  

সম্রাট মুক্তি পরিষদের পোস্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ ফজলুল হক মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। এতে সম্রাটকে দুঃসময়ের কর্মী হিসেবে আখ্যায়িত করে তার নিঃশর্ত মুক্তি চাওয়া হয়েছে। পোস্টারে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট মুক্তি পরিষদের আহ্বায়ক হিসেবে জনৈক জাহিদ হোসেন ভূঁইয়ার নাম লেখা রয়েছে।

অন্যদিকে ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজের ব্যানারে লাগানো ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার করা হয়েছে। এতে লেখা হয়েছে, ‘দুর্দিনের সম্রাট ভাই, আমরা তোমায় ভুলি নাই।’

গত ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ আনা হয়। ক্যাসিনোবিরোধী অভিযানের প্রথম দিন থেকেই সম্রাট কয়েকশ নেতাকর্মী নিয়ে কাকরাইলে তার কার্যালয়ে অবস্থান নেন। গত ২৩ সেপ্টেম্বর তার ব্যাংক হিসাব স্থগিত ও তলব করা হয়। এরপর ২৪ সেপ্টেম্বর তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়। কারাগারে থাকা সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।