ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজন আর আনন্দমুখর পরিবেশে গতকাল শুক্রবার উদ্যাপিত হয়েছে ‘দায়িত্বশীলদের দৈনিক’ দেশ রূপান্তরের প্রথম বর্ষপূর্তি। ২০১৮ সালের ২০ ডিসেম্বর যাত্রা শুরু করে মাত্র এক বছরের মধ্যেই প্রচার সংখ্যায় ছয় নম্বরে পৌঁছেছে পত্রিকাটি। বর্ষপূর্তি উপলক্ষে বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দেশ রূপান্তর কার্যালয়ে ঘরোয়া আয়োজনে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপ ও রূপায়ণ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান এবং এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব, পত্রিকার প্রকাশক ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স লিমিটেডের পরিচালক মঞ্জুরুল ইসলাম, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন ও ফরিদা বেগম, রূপায়ণ গ্রুপের পরিচালক রোকেয়া বেগম নাসিমা, উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, ব্রিগেডিয়ার (অব.) আবুল কালাম আজাদ, ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, মোস্তফা হোসেন, রফিকুল ইসলাম, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর-রশীদ প্রমুখ।
এর আগে দেশ রূপান্তরের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক ও সংবাদকর্মীদের উদ্দেশে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘অল্প সময়ের মধ্যে দেশ রূপান্তর পাঠক ও সুধী মহলে যে সাড়া ফেলেছে তা উদ্যোক্তা হিসেবে আমাকে দারুণ অনুপ্রেরণা জুগিয়েছে।’
প্রকাশক মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘আমি পত্রিকাটির জন্মলগ্ন থেকে এর সঙ্গে জড়িত ছিলাম না। কিছু পরে যুক্ত হয়েছি। দেশ রূপান্তর টিমের পেশাদারিত্ব ও যৌথতা আমাকে মুগ্ধ করেছে।’
রূপায়ণ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স লিমিটেডের পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমি সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত একজন মানুষ হিসেবে নিয়মিত দেশ রূপান্তর পড়ি এবং প্রতিদিন পত্রিকাটির অগ্রগতি দেখে বুঝতে পারি যে, দেশ রূপান্তর একটা বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।’
বর্ষপূর্তিকে ঘিরে সকাল থেকেই পত্রিকাটির সংবাদকর্মীরা মেতে ওঠেন আনন্দে। দেশের সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলা শহরে আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশের গুণী ব্যক্তিত্বরা অংশ নেন। বিভিন্ন জেলা শহরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে নতুন উদ্দীপনায় পথচলার প্রত্যয়ের কথা জানিয়ে দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব বলেন, ‘সংবাদপত্রের সংকটজনক একটি সময়ে আমরা দেশ রূপান্তর প্রকাশ করেছি। এক বছরের সাফল্যে তৃপ্ত হলে চলবে না, আরও বেশি চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’