ক্যাডেটদের মেধাবী নেতৃত্বের জন্য জাতি অপেক্ষা করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্যাডেটদের ভালো মানুষ হতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে।’
গতকাল শুক্রবার সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেটদের অষ্টম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। ক্যাডেটদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘প্রথমে তোমরা ভালো মানুষ হও। ইতিবাচক দৃষ্টিভঙ্গি চর্চা করো। নৈতিকতা ধরে রাখো। এরপর নিজের মধ্যে দেশপ্রেমের স্পৃহা জাগ্রত করো।’
সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাসে ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন সিলেট (ওকাস) আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল শুরুতে সেনাপ্রধান প্যারেড পরিদর্শন এবং বর্তমান ও সাবেক ক্যাডেটদের মার্চপাস্টে সালাম গ্রহণ করেন। পরে ক্যাডেটরা ডিসপ্লের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চিত্র ফুটিয়ে তোলেন।