তাহিরপুরে ঘর থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে মারধর

তাহিরপুর উপজেলায় ঘর থেকে তুলে নিয়ে কয়লা ও চুনাপাথর আমদানিকারককে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আহত ব্যবসায়ী মাফিকুল আলমকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। মাফিকুল উপজেলার বালিজুরী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও আহত ব্যবসায়ীর সূত্রে জানা গেছে, মাফিকুল আলম তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া, চারাগাঁও ও বাগলি শুল্কস্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানির ব্যবসা করেন। উপজেলার বাগলি শুল্কস্টেশনের কাছেই পুরান বাজারে তার ব্যবসায়িক কার্যালয় রয়েছে। গত শুক্রবার রাতে তিনি নিজের ব্যবসায়িক কার্যালয়ে ছিলেন। রাত দেড়টার দিকে বীরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা আনোয়ার মিয়ার নেতৃত্বে কয়েকজন লোক গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলে। একপর্যায়ে তারা মুখ বেঁধে তাকে ঘর থেকে বের করে নিয়ে যায়। এরপর তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় পাশের ধানখেতে ফেলে রেখে যায়। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন মাফিকুল আলমকে আহত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাফিকুল ইসলাম বলেছেন, বাগলি শুল্কস্টেশনে চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় এক ব্যবসায়ী তার ওপর ক্ষুব্ধ ছিলেন। হামলাকারী আনোয়ার মিয়া ও অন্যরা ওই ব্যবসায়ীর আত্মীয়।  আনোয়ার মিয়া তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ ব্যাপারে কোনো কিছুই জানেন না বলে জানান।

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, আহত ব্যবসায়ী যে নামগুলো তাদের বলেছেন, সেগুলো ধরে পুলিশ বিষয়টির তদন্ত করছে। থানায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটক করাও হয়নি।