বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘সোনার তরী’ গতকাল শনিবার সন্ধ্যায় দেশে এসেছে। সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ তথ্য জানিয়েছেন বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
সাংবাদিকদের তাহেরা জানান, একই মডেলের আরেকটি নতুন উড়োজাহাজ ‘অচিন পাখি’ আগামী ২৪ ডিসেম্বর দেশে আসবে। এ দুটি নিয়ে বিমানের
উড়োজাহাজের সংখ্যা হবে ১৮। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উড়োজাহাজ দুটির উদ্বোধন করবেন। তা ছাড়া বিমানের মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করবেন তিনি।
তিনি আরও জানান, নতুন দুটি বোয়িংয়ে মোট আসন থাকছে ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি ও ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন আছে। প্রতিটি ড্রিমলাইনার বর্তমান বাজার মূল্যের অর্ধেক দামে ১৫ কোটি মার্কিন ডলারের কমে কিনেছে বিমান। জ্বালানি সাশ্রয়ী হিসেবে পরিচিত এই উড়োজাহাজ টানা প্রায় ১৪ হাজার কিলোমিটার উড়তে পারে।