সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের দুই যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বাজুরবাগের আব্দুল বাতেন মিয়ার ছেলে সাজ্জাদ (২৬) ও বন্দর ঝাউতলা ভুইয়া বাড়ির সালাউদ্দিনের ছেলে মেহজাবিন ফাইম (২৪)।
এ দুর্ঘটনায় আহত হন বন্দর উপজেলার জাঙালেরর মতিউর রহমান (৩০), বাজুরবাগের হানিফা (২৪) ও সেলিম
(৩৪)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান দেশ রূপান্তরকে জানান, হতাহতরা তিন বছর আগে মাছের আড়তে কাজ নিয়ে সৌদি আরব যায়। সেখানে ডেলিভারিম্যানের কাজ করত। মাছ বিক্রির বকেয়া টাকা আনার জন্য শুক্রবার পাজেরো গাড়িতে জেদ্দা থেকে মদিনায় যায়। ফেরার পথে জান্নাতুল বাকি এলাকায় পাজেরোটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার খবরে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। তারা লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন বলেও জানান তিনি।