উখিয়ায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বিজিবি বলছে, গতকাল শনিবার ভোর ৪টার দিকে উপজেলার নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ছিদ্দিক (৩০) ও মো. শাহজাহান (৩৬) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, কয়েকজন মাদক পাচারকারী মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে সীমান্ত পার হচ্ছে এমন খবর পেয়ে নলবিলা সীমান্তে অবস্থান
নেন বিজিবি সদস্যরা। নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করার চেষ্টা করেন। এ সময় তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে বিজিবি। এতে ছিদ্দিক ও শাহজাহান গুলিবিদ্ধ হন। উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।