বড় দিনের আগে সবশেষ ম্যাচটি দারুণভাবে উদযাপন করলেন পিএসজির আক্রমণভাগের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, নেইমার ও মাউরো ইকার্দি। গোলের দেখা পেয়েছেন তাদের সবাই। তাতে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা আমিয়াঁকে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।
নিজেদের মাঠে শনিবার রাতে ফরাসি ফুটবলের শীর্ষ লিগের ম্যাচটিতে ৪-১ গোলের জয় পায় পিএসজি। জোড়া গোল করেছেন এমবাপে। একটি করে গোল করেন নেইমার ও ইকার্দি।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। এখন পর্যন্ত আঠারো ম্যাচ খেলে পনেরো জয় ও তিন ড্রয়ে দলটির পয়েন্ট ৪৫। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা মার্সেই।
ঘরের মাঠে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। নেইমারের দ্রুতগতির রক্ষণচেরা পাসে বল পেয়ে যান এমবাপে। ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে স্বাগতিক দল।
বিরতির পর আক্রমণের মাত্রা আরও বাড়ায় পিএসজি। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল করেন নেইমার। ইকার্দির পাস থেকে ডি-বক্সের ওপর থেকে ডান পায়ের শটে গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
৬৫তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপে। পাঁচ মিনিট পর সান্ত্বনাসূচক গোল পায় আমিয়াঁ। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে অতিথি দলের কফিনে শেষ পেরেক ঠুকেন ইকার্দি। সতীর্থ হুয়ান বের্নাতের ক্রসে ছয় গজ দূর থেকে গোলটি করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
বড় দিনের আগেই এটাই পিএসজির শেষ ম্যাচ। তাদের পরবর্তী ম্যাচ ৬ জানুয়ারি, ফ্রান্স কাপে লিনাস মন্টেলহেরির বিপক্ষে।