আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল একটি স্যাটেলাইট প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি গোপনে এই কাজ শুরু করেছে। তৃতীয় পক্ষকে বাদ দিয়ে ডিভাইসে সরাসরি ইন্টারনেট সরবরাহ করতে প্রকল্পটি হাতে নিয়েছে তারা।
প্রজেক্টের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে জানিয়েছেন, অ্যাপল ইতিমধ্যে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছে। তার মধ্যে রয়েছেন মহাকাশ, স্যাটেলাইট এবং অ্যানটেনা ডিজাইন বিশেষজ্ঞ।
সামনের পাঁচ বছরের ভেতর তারা এই কাজের ফলাফল পেতে চান।
ওই কর্মকর্তা বলেছেন, প্রকল্পের কাজ খুবই প্রাথমিক পর্যায়ে। এটি যেকোনো সময় বাতিলও হতে পারে।
মোবাইল কিংবা কম্পিউটারে ইন্টারনেট পেতে এখনকার দিনে ব্যবহারকারীকে তৃতীয় পক্ষ অর্থাৎ ব্রডব্যান্ড কিংবা সিম ইন্টারনেটের সংযোগ নিতে হয়।
স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট খরুচে ব্যাপার। বিচ্ছিন্ন দ্বীপের মতো দুর্গম এলাকায় এই ধরনের ইন্টারনেট সংযোগ দেওয়ার চেষ্টা করছে কয়েকটি কোম্পানি।
অ্যাপল চাইছে নিজেরা সরাসরি ইন্টারনেট সেবা দিয়ে লোকেশন ট্র্যাকিং এবং ম্যাপ প্রযুক্তি আরও উন্নত করতে।
আইফোন তৈরি করে সাড়া ফেলে দেওয়া অ্যাপল আসলে কী করতে চাইছে সেটি পরিষ্কার করতে পারেনি ব্লুমবার্গ। স্যাটেলাইট ইন্টারনেটের মতো বড় বাজেটের প্রকল্প তারা কীভাবে বাস্তবায়ন করবে জানা যায়নি সেটিও।
গত সপ্তাহে জানা যায়, সিঙ্গাপুরের ক্যাসিফিক ব্রডব্যান্ড স্যাটেলাইট এবং জাপানি অপারেটর স্কাই পারফেক্ট জেএসএটি’র যৌথ উদ্যোগে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত দ্বীপগুলোতে ইন্টারনেট সংযোগ পৌঁছাতে নতুন একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে।
বোয়িংয়ের নির্মিত এই স্যাটেলাইট দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ২৫টি দেশে ইন্টারনেট ব্যবস্থাকে আরও সহজ করবে। বিশাল ওজনের JCSAT 18/Kacific-1 স্যাটেলাইটটি ৫৬টি উচ্চশক্তির বিমে সজ্জিত। এর মাধ্যমে মহাকাশ থেকে দুর্গম এলাকায় মোবাইল এবং ব্রডব্যান্ডের ইন্টারনেট সেবা সরবরাহ করা হবে।
অ্যাপলও এই ধরনের স্যাটেলাইট নিয়ে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।