ঘন কুয়াশায় দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল ব্যাহত

ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌপথসহ দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। একদিকে ঘন কুয়াশা অন্যদিকে নৌপথে প্রয়োজনীয় দিক নির্দেশক চিহ্ন (বয়া-বাতি) না থাকায় চরম ঝুঁকি নিয়ে নৌযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মাস্টারেরা

কুয়াশার কারণে মাঝ নদীতে ফগ লাইট জ্বালিয়ে নোঙর করে থাকতে হচ্ছে তাদের। এতে একদিকে দুর্ঘটনার ঝুঁকি, অপরদিকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না যাত্রীবাহী নৌযানগুলো।

গত কয়েক দিন ধরে তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। দেশের তৃতীয় বৃহত্তম বরিশাল নদী বন্দর থেকে দূরপাল্লার ঢাকা রুট সহ আশপাশের বিভিন্ন জেলায় অর্ধশত নৌযান ঝুঁকি নিয়ে চলাচল করছে।

নৌযান মাস্টার ও চালকেরা জানান, গভীর রাতে এবং ভোররাতে ঘন কুয়াশায় নৌযান চলাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। নদীতে দিক নির্দেশক বয়া-বাতি না থাকায় তারা দিক হারিয়ে অনেক সময় মাঝ নদীতে নৌযান নোঙর করে রাখছেন। কুয়াশা কেটে যাওয়ার পর আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। অনেক সময় দিক ভুল করে চরে আটকে যাচ্ছে নৌযান। ফলে দুর্ঘটনার ঝুঁকি ছাড়াও গন্তব্যে যেতে বিলম্ব হচ্ছে। তারা নদীতে প্রয়োজনীয় বয়া-বাতি স্থাপনের দাবি জানান।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার জানান, বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শনিবার ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে গত শনিবার খালি চোখে কুয়াশার দৃষ্টিসীমা ছিল ১৫০০ মিটার। রবিবার দৃষ্টিসীমা ছিল আড়াই হাজার মিটার। তবে নদ-নদীতে ঘন কুয়াশা পড়ছে বলে তিনি জানান।