সোনার মুদ্রায় লেনদেনের প্রস্তাব মাহাথিরের

ইরান, মালয়েশিয়া, তুরস্ক ও কাতারকে নিজেদের মধ্যে লেনদেনে সোনা ও বার্টার প্রথা চালুর প্রস্তাব দিয়েছেন মাহাথির মোহাম্মদ। আগামীতে নিজেদের ওপর সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নিতে বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

গত শনিবার কুয়ালালামপুরে ইসলামি সম্মেলনের শেষ দিন মাহাথির বলেন, মধ্যযুগে মুসলিম বিশ্বে সোনার মুদ্রার মাধ্যমে ব্যবসায়িক লেনদেন হতো। আমি আপনাদের কাছে সোনার দিনার ব্যবহারের মাধ্যমে  ব্যবসা ও পণ্য বিনিময় প্রথা নতুন করে চালুর প্রস্তাব করছি। আমার মনে হয়, এ পরিকল্পনা কাজে লাগানোর উপায় হয়তো আমরা বের করতে পারব। সম্মেলনে উপস্থিত নেতারা নিজেদের মধ্যে ব্যবসা বাড়ানোর প্রয়োজনীয়তা ও পরস্পরের মুদ্রায় বাণিজ্য সম্পªসারণের বিষয়ে একমত হন।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবিলার জন্য ইরান ও কাতারের পদক্ষেপের প্রশংসা করেন মাহাথির। আগামীতে এ ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলায় মুসলিম বিশ্বের স্বাবলম্বী হওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বানও জানান। তিনি বলেন, ইরান, কাতারের ওপর বিভিন্ন দেশ একজোট হয়ে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা পুরো বিশ্ব দেখেছে। এ ধরনের নিষেধাজ্ঞা আমাদের ওপরও আসতে পারে, এটা মালয়েশিয়া ও অন্য দেশগুলোকে সব সময় মনে রাখতে হবে।

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে কাতারের সঙ্গে আড়াই বছর আগে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মিসর। অন্যদিকে গত বছর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের অর্থনীতি।

মালয়েশিয়ার আয়োজিত সম্মেলনটির কঠোর সমালোচনা করছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন ‘ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) ধ্বংস করার জন্য এটি আয়োজন হচ্ছে বলে জানিয়েছে রিয়াদ। ওআইসির সদস্যসংখ্যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৭। ওআইসির সব সদস্যদেশকে কুয়ালালামপুর সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও মাত্র ২০টি দেশ এতে সাড়া দিয়েছে।