বিএবির অ্যাক্রেডিটেশন সনদ পেল আট প্রতিষ্ঠান

পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতে আটটি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানকে সনদ দিয়েছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। শিল্প মন্ত্রণালয়ে গতকাল সোমবার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির হাতে সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ল্যাবরেটরি ঢাকার ওটিএস প্রাইভেট লিমিটেড, বহুজাতিক ল্যাবরেটরি জার্মানভিত্তিক টুভ সুড বাংলাদেশ, তুরস্কভিত্তিক ল্যাবরাইট বাংলাদেশ লিমিটেড, আমেরিকাভিত্তিক মর্ডান টেস্টিং সার্ভিসেস (বিডি) লিমিটেড, গাজীপুরের ক্রিয়েটিভ ওয়াস লিমিটেড ল্যাবরেটরি, মির্জাপুরের নোমান টেরি টাওয়েশ টেস্টিং ল্যাবরেটরি, চট্টগ্রামের মেডিকেল ল্যাবরেটরি এপিক হেলথ কেয়ার ও ঢাকার সার্টিফিকেশন সংস্থা কেজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড।

সনদ প্রদান অনুষ্ঠানে বিএবির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিএবি ৮০টি জাতীয় ও বহুজাতিক পরীক্ষার ল্যাবরেটরি, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান এবং পরিদর্শন সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ দিয়েছে। এবার আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) নতুন সংস্করণে নির্ধারিত মান অনুযায়ী চারটি টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, বিদ্যমান আইএসও মান অনুযায়ী দুটি টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, একটি মেডিকেল ল্যাবরেটরি ও একটি সার্টিফিকেশন বডিকে সনদ দেওয়া হয়েছে।

শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএবির মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম, সনদপ্রাপ্ত ল্যাবরেটরি ক্রিয়েটিভ ওয়াসের ব্যবস্থাপনা পরিচালক ও হা-মীম গ্রুপের স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রামের এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান এসএম লোকমান কবির, বহুজাতিক ল্যাবরেটরি টুভ সুডের বাংলাদেশের কান্ট্রি প্রধান সতীশ কুমার সমুরাজ, ল্যাবরাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মেহেমেদ হাকান তজুন প্রমুখ উপস্থিত ছিলেন।