মাঠে থাকার ঘোষণা জাপারও ইভিএমে আপত্তি বিএনপির

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে ফল পরিবর্তনের সুযোগ রয়েছে। গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ আপত্তি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দিন বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে আসন্ন এই নির্বাচনে দলের প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলে ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা দিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের জানান, আজ ২৪ ডিসেম্বর থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হবে।

এর আগে গত রবিবার তফসিল ঘোষণার দিনই ঢাকা মহানগর বিএনপির নেতারা দেশ রূপান্তরকে জানিয়েছিলেন, ৩০ জানুয়ারি ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকবেন তারা।

এদিকে ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে আজ থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন। কমিশনের নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে আমরা অংশ নেবÑএ সিদ্ধান্ত আমাদের আগেই হয়েছে। অতীতেও স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নিয়েছি, যার ধারাবাহিকতায় সিটি নির্বাচনেও অংশ নেব। সম্পূর্ণভাবে নির্বাচনের পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করবে নির্বাচনের পরিস্থিতি কী দাঁড়াচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

আমরা মনে করি, হঠাৎ তড়িঘড়ি করে প্রকাশ করা হয়েছে। যার পেছনে নির্বাচন কমিশনের (ইসি) মূল উদ্দেশ্য থাকে, সেটাই আছে বলে আমরা আশঙ্কা করি। তারা সরকারি দলকে জেতানোর জন্য তাড়াহুড়া করে শিডিউল ঘোষণা করেছে।

ইভিএম প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এটা অত্যন্ত আপত্তিজনক।

আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, ইভিএমে যথেষ্ট সুযোগ থাকবে ফলাফলকে নিয়ন্ত্রণ করার। এজন্যই আমরা এটার বিরোধিতা করেছি।

তিনি বলেন, এ নির্বাচনে অংশগ্রহণের জন্য উত্তর ও দক্ষিণ দুই করপোরেশনের আমাদের দলের আগ্রহী মেয়র প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বর দলের মনোনয়ন নেবেন। ২৭ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে জমা দেবেন এবং ২৮ ডিসেম্বর পার্লামেন্টারি বোর্ড বসবে, সেখানে সিদ্ধান্ত প্রার্থী চূড়ান্ত করা হবে।

এ সময় দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার পক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দেওয়ায় দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ওই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে অ্যালায়েন্স করার প্রস্তাব এলে জাতীয় পার্টি তা বিবেচনা করবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী লিটনের নেতৃত্বে অর্ধশত বিএনপি নেতাকর্মী এবং জাগপার প্রেসিডিয়াম সদস্য হাসমত উল্লাহর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, দেশের প্রধান তিনটি দলের মধ্যে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছে সম্ভাবনাময় পার্টি। তাই দেশবাসী সরকারের বিকল্প হিসেবে জাতীয় পার্টির ওপরই ভরসা রাখে। কারণ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই দেশের মানুষ বেশি অধিকার ভোগ করেছে।

অনুষ্ঠানে জাপা মহাসচিব ও বিরোধীদলীয় চিপ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সহিদুর রহমান টেপা, এস এম ফয়সল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম বিতরণ আজ থেকে : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আজ থেকে ফরম বিতরণ করা হবে, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৭ ডিসেম্বরের মধ্যে তা পূরণ করে জমা দিতে হবে। ২৯ ডিসেম্বর চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণের পর ৩০ ডিসেম্বর প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। প্রার্থীরা ৩১ ডিসেম্বর সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন।