সৌদি সাংবাদিক খাসোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে মোট ২৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দেশটির রিয়াদের একটি আদালত এ রায় দেয়। দেশটির পাবলিক প্রসিকিউটর শালান আল শালান রয়টার্সকে জানান, এ হত্যা মামলায় সৌদি আরবের ১১ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। এদের মধ্যে পাঁচজন সরাসরি খুনের সঙ্গে জড়িত।

মৃত্যুদণ্ড পাওয়া কারও নাম প্রকাশ করা হয়নি।

প্রসিকিউটর জানান, রিয়াদের আদালত আন্তর্জাতিক সম্প্রদায় ও খাসোগির স্বজনদের উপস্থিতিতে ৯ কার্যদিবস শুনানি শেষে রায় দিল। খাসোগি হত্যা পূর্বপরিকল্পিত বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানান, খুনের ঘটনায় সৌদি রাজপরিবারের সাবেক শীর্ষ উপদেষ্টা সৌদ আল কাহতানি ও গোয়েন্দা উপপ্রধান আহমেদ আল আসিরির বিরুদ্ধে তদন্ত করা হলেও কোনো অভিযোগ আনা হয়নি। এজন্য তাদের খালাস দেওয়া হয়েছে। অবশ্য অভিযোগ আসার পর যুবরাজের ঘনিষ্ঠ এ দুজনকে সৌদি কর্র্তৃপক্ষ চাকরিচ্যুত করেছিল।

গত বছরের ২ অক্টোবর দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গেলে খাসোগিকে সেখানে হত্যা করা হয়। তুরস্কের সরকার এ হত্যাকাণ্ডের ঘটনা ফাঁস করে। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও পশ্চিমা সরকারগুলো জানায়, খাসোগির দেহ টুকরো টুকরো করে কনস্যুলেট ভবন থেকে সরিয়ে ফেলা হয়। এজন্য তার দেহাবশেষ আর খুঁজে পাওয়া যায়নি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এ খুন করা হয় বলেও তারা জানায়। কিন্তু শুরুতে এ হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

পরে চলতি বছরের অক্টোবরে এক সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের নেতা হিসেবে এ হত্যাকাণ্ডের পুরো দায় নেওয়ার কথা জানান। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাসোগি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন এবং তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক ছিলেন।