মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন মন্ত্রিসভায় অনুমোদন

সরকারের পূর্ব অনুমোদন নিয়ে বৈদেশিক অনুদান গ্রহণ করার বিধান রেখে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০১৯’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

মূলত সামরিক শাসন চলাকালে করা আইনটি এখন বাংলায় নতুন করে

যুগোপযোগী করা হচ্ছে। এছাড়া গতকাল ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এবং ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত ১৯ আগস্ট চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছিল। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া গত ১ এপ্রিল নীতিগত অনুমোদন পায় মন্ত্রিসভায়। আন্তঃমন্ত্রণালয় সভা ও আইন মন্ত্রণালয় হয়ে খসড়া আইন দুটো আবার মন্ত্রিসভায় তোলা হয়। দেশে এখন এ দুটি ছাড়া ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

গতকালের সভায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তিনটি কূটনৈতিক মিশন রয়েছে। ওয়াশিংটন ডিসিতে দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে কনস্যুলেট জেনারেল আছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশাল আয়তনের দেশ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পর্যাপ্ত কনস্যুলার সেবা দেওয়া এ তিনটি মিশনের পক্ষে অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। ফ্লোরিডা অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। সেখানে বর্তমানে ৪০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার দূরত্ব প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার। এ বিশাল দূরত্ব অতিক্রম করে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে কনস্যুলার সেবা গ্রহণ করা প্রবাসী বাংলাদেশিদের জন্য যথেষ্ট সময় ও ব্যয়সাপেক্ষ। ফ্লোরিডাতে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি কনস্যুলেট রয়েছে। যার মধ্যে ৬১টি কনস্যুলেটই মিয়ামি শহরে। এসব বিবেচনায় নিয়ে নতুন কনস্যুলেট জেনারেল স্থাপন করা হচ্ছে।