ঘুষের টাকাসহ আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা আটক

ঘুষের ১৫ হাজার টাকাসহ হাতেনাতে চট্টগ্রামের আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সরকারি কার্যভবন-১ এর কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ায় আল মাহমুদ হোসেন সংস্থাটির সহকারী নিয়ন্ত্রক হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক মাহবুবুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘লাইসেন্স নবায়নের জন্য এক গ্রাহকের কাছে ঘুষ দাবি করেছিলেন আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক আল মাহমুদ হোসেন। ওই গ্রাহক ঘুষ দাবির বিষয়টি আমাদের কাছে অভিযোগ করেন’।

তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে মাহমুদ হোসেনকে ঘুষের ১৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।