ঢাকা সিটি নির্বাচন

মনোনয়ন ফরম বিক্রি শুরু আ.লীগের

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ফরম বিক্রি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার, চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

গত রবিবার নির্বাচন কমিশন (ইসি) আগামী ৩০ জানুয়ারি ভোটের দিন ধার্য করে এই নির্বাচনের তফসিল ঘোষণা করে।

আওয়ামী লীগের নবনির্বাচিত দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু  হয়েছে। বুধ, বৃহস্পতি, শুক্রবার এ ফরম বিক্রি চলবে। পরদিন শনিবার বিকেল ৫টার মধ্যে সংগৃহীত ফরম পূরণে করে তা জমা দিতে হবে ধানমণ্ডির কার্যালয়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আগামী শনিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় চূড়ান্ত হবে কে কে পাবেন নৌকা প্রতীক। এতে সভাপতিত্ব করবেন দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্য ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান, দুই সিটিতে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ করছেন। বর্তমান দুই মেয়রের পাশাপাশি প্রায় ডজনখানেক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তবে কে কে নৌকার টিকিট পাবেন, তা দলীয় প্রধান শেখ হাসিনার ওপরই নির্ভর করছে।

আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, ঢাকার দুই সিটিতে কাউন্সিলর প্রার্থীতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। অর্ধশতাধিক কাউন্সিলরের অপকর্ম দলীয় প্রধানের হাতে এসেছে। সম্প্রতি পরিচালিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুদ্ধি অভিযানে তাদের কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। বাকিরা এবারের নির্বাচনে ছিটকে পড়বেন। ফলে তাদের স্থানে আগের ও নতুন করে প্রার্থী করা হবে। সেক্ষেত্রে ‘বিদ্রোহী’ প্রার্থী বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে সরকারি দলে।