হেলিকপ্টারে চড়ে বিয়ে করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন কুমিল্লার লালমাই উপজেলার এক ইউনিয়ন ছাত্রলীগ নেতা।
বুধবার উপজেলার বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা মাত্র দুই কিলোমিটার দূরের গ্রামে বিয়ে করতে যান হেলিকপ্টারে চড়ে। তিনি দুতিয়াপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। পার্শ্ববর্তী বরুড়া উপজেলার চণ্ডীপুর গ্রামের আবদুল মান্নানের কন্যা জান্নাতুল মাওয়া প্রিয়াকে বিয়ে করেছেন।
এ বিষয়ে বর ও ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন মির্জা বলেন, ‘আলোচনা-সমালোচনা তো একটু হবেই। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হলো’।
নিজ গ্রাম দুতিয়াপুর থেকে পার্শ্ববর্তী চণ্ডীপুর গ্রামে বিকেল পৌনে ৩টায় মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে শ্বশুরালয়ে রওনা হন নাছির। সেখানে পৌঁছে মাত্র এক ঘণ্টার মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে
দুতিয়াপুর থেকে চণ্ডীপুরের দূরত্ব মাত্র ২ কিলোমিটার হলেও সামান্য এ পথ পাড়ি দিতেই বর নাছির উদ্দিন মির্জার হেলিকপ্টার ভাড়া করার বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
বিয়েতে বরযাত্রী হিসেবে অংশ নেওয়া বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বী বলেন, ‘শখের বশেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে। বর তার মা ও ভাইকে নিয়ে হেলিকপ্টারে কনের বাড়িতে গেছেন। আমরা মাইক্রো আর বাইকে গেছি’।
সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ জানান, ‘হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি আমি শুনেছি। ফেসবুকেও দেখেছি। তার সামর্থ্য ছিল, যার কারণে সে স্বপ্ন পূরণ করতে পেরেছে’।