ঢাকা উত্তর সিটির মেয়র পদে লড়তে বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র পদে লড়তে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
গতকাল বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এসব ফরম সংগ্রহ করেন তাদের পক্ষের লোকজন। এদিনই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বিকেল ৩টার দিকে মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন ও ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোয়া ৩টার দিকে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার মামা মাসুদ সেরনিয়াবাত
ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। এ সময় ঢাকা-১০ আসনের আওতাধীন ধানম-ি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এদিন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। এ সময় তার সঙ্গে ঢাকা-৭ আসনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গতকাল উত্তর ও দক্ষিণের মেয়র পদে আরও কয়েকজন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে আছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাষানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি মেজর (অব.) মো. ইয়াদ আলী ফকির ও অধ্যাপক মো. জামান ভূঁইয়া। দক্ষিণ সিটির মেয়র পদের জন্য বঙ্গবন্ধু অ্যাকাডেমির সভাপতি মো. নাজমুল হক ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এমএ রশিদ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আগামীকাল শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদের মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ চলবে। মেয়র পদে ফরমের মূল্য ২৫ হাজার টাকা। আগামী ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে।