কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক বন্ধুকে দেখতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র। বিদেশ থেকে আসা মেয়েকে বিমানবন্দরে আনতে গিয়ে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক বাবা। এ ছাড়া, চট্টগ্রামের ইপিজেড এলাকায় বাস উল্টে এক নারী পোশাককর্মী, বায়েজিদ বোস্তামির কুঞ্জছায়া আবাসিক এলাকায় প্রাইভেট কারের চাপায় এক শিশু ও নেত্রকোনার সাকুয়া বাজার এলাকায় বালুবাহী লরির চাপায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক বন্ধুকে দেখতে এসে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মোটরসাইকেল
আরোহী দুই কলেজছাত্র। গতকাল বুধবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন রাজধানীর মুগদাপাড়ার আবদুল খালেকের ছেলে রাব্বি (২২) ও সিরাজুল ইসলামের ছেলে রাসেল। ঘটনার পর ট্রাকচালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাছির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মোটরসাইকেল আরোহী দুজনের লাশ পড়ে থাকতে দেখি। নিহতদের পকেটে থাকা কলেজের পরিচয়পত্র থেকে তাদের পরিচয় জানা যায়। তারা হাবিবুল্লা বাহার কলেজের ছাত্র। স্বজনদের খবর দেওয়া হলে তারা মর্গে এসে লাশ শনাক্ত করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশিকুজ্জামান জানান, ট্রাক ও মোটরসাইকেল কোনোটিরই নম্বর নেই।
হবিগঞ্জের মাধবপুরে মেয়েকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অনু মিয়া। গতকাল বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন হতাহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনু মিয়ার তিন মেয়ে সৌদি আরব থাকেন। বড় মেয়ে গতকাল বুধবার সকাল ১০টায় দেশে আসেন। তাকে আনতে অনু মিয়া পরিবারসহ মাইক্রোবাসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। কিন্তু মাধবপুরের তেলিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অনু মিয়া চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে।
চট্টগ্রামের ইপিজেড এলাকায় বাস উল্টে এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়ে বেপজা হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার সকাল ৬টার দিকে ইপিজেড থানাধীন পতেঙ্গা গুপ্তখাল এলাকায় বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হাবিবা আক্তার (১৯) পতেঙ্গা বিজয় নগর এলাকার হাফেজ আহমদের মেয়ে। তিনি সিইপিজেডের একটি পোশাক কারখানার কর্মী।
একই দিন সকাল ৯টার দিকে বায়েজিদ বোস্তামির কুঞ্জছায়া আবাসিক এলাকায় প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত তিন বছর বয়সী তাসমিয়া আক্তার ওই এলাকার নুরনবী সওদাগর বাড়ির ফজলুল হক সাগরের মেয়ে। ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আহমদ।
নেত্রকোনা সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বালুবাহী লরির চাপায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলামের (৪৮) বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়।