তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্য সন্ত্রাস করছে। গতকাল বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি
লাউঞ্জে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার যে শারীরিক সমস্যাগুলো আছে সেগুলো বহু পুরনো। তার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা নতুন নয়। এগুলো নিয়েই তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দুবার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনেরও দায়িত্ব পালন করেছেন। হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেছেন। আমরা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে চাই।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর গতকালই প্রথম হাছান মাহমুদ তার জন্মস্থান চট্টগ্রামে আসেন। বিমানবন্দরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।