কুয়াশায় অন্ধ নৌপথ, ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তি

ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এই পথে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গত মঙ্গলবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। আর প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ী নৌপথেও ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় এসব নৌপথে ফেরি চলাচল বিঘিœত হওয়ায় ঘাটপাড়ে শত শত যানের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান দেশ রূপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধিকে জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে পদ্মা নদীতে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। কুয়াশা কমলে গতকাল সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এই নৌপথে ১৪টি ফেরির মধ্যে ১৩টি চলাচল করছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটে গতকাল দুপুর ২টা পর্যন্ত হাজারখানেক যান অপেক্ষায় ছিল। ঘাটপাড়ে আটকে থাকা গাড়িতে যাত্রীদের তীব্র শীতে চরম কষ্ট করতে হয়েছে।

বেনাপোলগামী বাসের যাত্রী মজিবুর রহমান বলেন, সপরিবারে ভারত যাওয়ার উদ্দেশে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মানিকগঞ্জ থেকে রওনা দিই। গতকাল দুপুর ২টা পর্যন্ত গাড়ি ফেরিতে উঠতে পারেনি। আমাদের মাদারীপুর সংবাদদাতা গতকাল দুপুরে জানান, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে

তবে এই নৌপথে তখনো কিছুটা কুয়াশা থাকায় ফেরি ধীরগতিতে চলছে। ফেরি বন্ধের কারণে শিমুলিয়া ও কাঁঠালবাড়ী ঘাটে পাঁচ শতাধিক যান পারাপারের অপেক্ষায় আটকে ছিল।