যশোরে এক যুবকের বিরুদ্ধে তার বাবা ও মাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা বলছে, গতকাল বুধবার দুপুরে চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় মিলন (৩০) নামে ওই যুবককে আটক করে স্থানীয়রা। নিহতরা হলেন গ্রামের মহিরউদ্দিন (৬০) ও তার স্ত্রী আয়না বেগম (৫০)। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, দুপুর ১২টার দিকে হত্যাকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যা
করা হয়েছে। পাশের রাজাপুর বড়বাড়ী এলাকা থেকে নিহত দম্পতির ছেলে মিলনকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। পরে তাকে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান তোতা মিয়া ও সদস্য তারিক হাসান বাবলু দেশ রূপান্তরকে জানান, মিলনের বিরুদ্ধে মাদকাসক্তি ও উগ্র আচরণের অভিযোগ রয়েছে। এর আগেও সে তার বাবাকে ধারালো অস্ত্রাঘাতে জখম করেছিল।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। মিলনকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।