লুটের টাকা উড়িয়ে ব্যাংক ডাকাতের বড়দিনের শুভেচ্ছা

তখন ঠিক দুপুরের খাওয়ার সময়। যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের অ্যাকাডেমি ব্যাংকের একটি শাখার কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন লাঞ্চের। ঠিক সেই সময় অস্ত্র উঁচিয়ে ব্যাংকে ঢোকেন শ্বেত-শুভ্র দাড়িওয়ালা এক ব্যক্তি। কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ছিনিয়ে নেন টাকা। অস্ত্র উঁচিয়েই ধীরেসুস্থে আবার বেরিয়ে যান ব্যাংক থেকে। বাইরে এসে তিনি ঘটান আশ্চর্য এক ঘটনা। লুটের

 টাকা বাতাসে উড়িয়ে দেন তিনি। সেই সঙ্গে চিৎকার করে পথচারীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে থাকেন ওই ব্যাংক ডাকাত। টাকা ওড়ানো শেষ হলে ব্যাংকের উল্টো পাশের একটি কফি শপে গিয়ে বসে অর্ডার দেন পানীয়ের। কিন্তু ততক্ষণে পুলিশ এসে গ্রেপ্তার করে তাকে। 

পুলিশ জানিয়েছে, বড়দিনের দুদিন আগে সোমবার আশ্চর্য ওই ব্যাংক ডাকাতের নাম ডেভিড ওয়েইন অলিভার। অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে ব্যাংক থেকে বেশ কিছু ডলার নিয়ে যান ৬৫ বছর বয়সী অলিভার। তবে কোনো অস্ত্র তিনি ব্যবহার করেননি। কত ডলার নিয়ে গেছেন তাও পুলিশ জানাতে পারেনি। তবে পুলিশের বরাত দিয়ে কলরাডোর ‘ডেনভার পোস্ট’ পত্রিকা বলেছে, হাজার হাজার ডলারের হিসাব পাওয়া যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী ডায়ন প্যাসকেল বলেন, তিনি (অলিভার) ব্যাংক থেকে বের হলেন। এরপর ব্যাগের ভেতর থেকে টাকা বের করে সারা জায়গায় ছড়িয়ে দিয়ে বলতে থাকলেন, ‘মেরি ক্রিসমাস’। পথচারীরা সে টাকা কুড়িয়ে আবার ব্যাংকারের কাছে ফেরত দিয়েছেন।

তিনি জানান, টাকা ছড়ানোর পর অলিভার কাছের একটি স্টারবাকস কফি শপে গিয়ে সামনেই বসে থাকেন। পরে সেখান থেকে তাকে কোনো ঝামেলা ছাড়াই পুলিশ গ্রেপ্তার করে।