আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সর্বত্রই গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, শুধু বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই। গতকাল বুধবার কুমিল্লায় একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পূর্বে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপির সমালোচনা করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আরও বলেন,
নিজ ঘরে গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালিত হচ্ছে। জাম্বুজেট মার্কা একটা কমিটি নিয়ে বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দেশের জনগণ এখন তাদের ডাকে আর সাড়া দেয় না। সবদিক থেকে বিএনপি একটি ব্যর্থ দলে পরিণত হয়েছে। বিএনপির কোনো কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বাধা দেওয়া হয় না।
আসন্ন ঢাকা সিটির নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয়। অতীতে যেখানে ইভিএমে ভোট হয়েছে সেখানে বিরোধী দল জিতেছে, বিএনপিও জিতেছে। ইভিএমে ফ্রি অ্যান্ড ফেয়ার সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা রয়েছে। এ নিয়ে দ্বিধা সংকোচের দরকার নেই মন্তব্য করে তিনি বলেন, আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন। একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে স্বাধীন ভূমিকা পালনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে, এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী কুমিল্লা ক্লাবে সদর আসনের সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা আয়মান বাহার সোনালীর বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে যোগদান করেন। বিবাহোত্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, দলের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ অংশ নেন।
‘সিটি নির্বাচনে হারলেও ক্ষতি হবে না’ : আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করতে না পারলে আওয়ামী লীগের তেমন কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) আয়োজিত বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন যেন সিটি করপোরেশন নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ কর্তৃত্ব স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। আর এই নির্বাচনে হারলেও আমাদের ক্ষতি হবে না। এসময় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপিকে স্বাগত জানান তিনি। মেট্রোরেল নিয়ে প্রতিবাদের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল স্টেশন করা হচ্ছে। এটা নিয়েও শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু আমরা তার কোনো কারণ খুঁজে পাই না। মেট্রোরেলের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটার কোনো সম্ভাবনাই নেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য বিশেষভাবে এবং আধুনিক প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে।
ডুপডার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সাংসদ নাজমুল হক, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মো. হুমায়ুন কবির, সাবেক সচিব মাহমুদুল হাসান, ডুপডার সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক প্রমুখ।