শীতে কাবাব আর বারবিকিউ

শীতে কয়েক ধরনের কাবাব ও বারবিকিউ রেসিপি দিলেন উম্মাহ মোস্তফা

 

 গ্রিল চিকেন

উপকরণ

মুরগির মাংস ২ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, ধনেগুঁড়ো ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়ো ১ চা চামচ, গরম মসলা গুঁড়ো ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ টেবিল চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, টমেটো সস আধা কাপ, টকদই এক কাপ, লবণ দেড় চা চামচ, সয়াবিন ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. টকদইয়ের সঙ্গে সব মসলা ও সরিষার তেল ভালো করে মিশিয়ে রেখে দিন ৩০ মিনিট।

২. মুরগি কেটে ধুয়ে টুকরো করে কাঁটা চামচ দিয়ে কেচে দিন।

৩. মাংসে ভালো করে মসলা মাখিয়ে ৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

৪. গ্রিলারে অথবা নন-স্টিক প্যানে সয়াবিন তেল দিন। মাংসের গায়েও তেল মেখে দিন। ফ্রাইপ্যানে তেল গরম হয়ে মাংসের টুকরোগুলোকে মাঝারি আঁচে ভাজুন।

৫. এক পাশ হলে উল্টে আরেক পাশ দিন এবং ঢাকনা দিয়ে দিন। এতে নরম হবে। মাঝে মাঝে মসলা ব্রাশ করে দিন। দুই পাশ ভালো করে লাল করে ভাজা হলে মাংস নামিয়ে ফেলুন।

৬. ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট প্রি-হিট করুন এবং বেকিং ট্রেতে তেল মাখিয়ে মুরগি দিয়ে ওভেনে বসিয়ে দিন। পোড়া পোড়া হলে নামিয়ে নিন।

 

গ্রিল বিরিয়ানি

উপকরণ

পোলাওয়ের চাল ২ কাপ, গরুর মাংস ১ কেজি, টকদই ১ কাপ, পেঁপে বাটা আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্তাদানা বাটা ১ টেবিল চামচ, জাফরান সামান্য, দুধ কোয়ার্টার কাপ, শাহি জিরা ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২ টুকরা, লবণ ২ চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, মাওয়া ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. মাংস পাতলা করে কেটে পানি ঝরিয়ে শুকনা করে মুছে নিন। এবার মাংসের সঙ্গে টকদই, পেঁপে বাটা, আদা বাটা, তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, পোস্তাদানা, মরিচের গুঁড়ো, মেশানো গরম মসলা, লবণসহ সব একসঙ্গে মেখে ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিন।

২. এবার শিকে গেঁথে গ্রিল করে নিন।

৩. ফোটানো গরম পানি হাঁড়িতে নিয়ে এলাচ, দারুচিনি, শাহি জিরা দিয়ে বলক উঠলে গ্রিল করার পর যে মসলা থাকে, তা এর মধ্যে দিয়ে দিন। পোলাওয়ের চাল ধুয়ে এর মধ্যে দিয়ে রান্না করে নিন।

৪. এবার অন্য একটি মোটা হাঁড়িতে প্রথমে পোলাও, তারপর গ্রিল মাংস, পেঁয়াজ, বেরেস্তা, মাওয়া, আবার পোলাও, গ্রিল মাংস, মাওয়া, বেরেস্তা তার ওপর আবার পোলাও দিয়ে দিন।

৫. চালের ওপর ২ টেবিল চামচ ঘি, জাফরান দিয়ে হাঁড়ির মুখ ঢেকে ২০ মিনিট চুলায় তাওয়া দিয়ে তার ওপর হাঁড়ি দিয়ে দমে রেখে দিন। হয়ে গেলে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে ওপরে, পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

শিক কাবাব

উপকরণ

গরুর মাংস আধা কেজি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, টকদই ধনেগুঁড়ো ১ চা চামচ, ভাজা জিরার গুঁড়ো ১ চা চামচ, গরম মসলার গুঁড়ো আধা চা চামচ, জয়ফল গুঁড়ো এক চিমটি, জয়ত্রী গুঁড়ো এক চিমটি, লবণ ১চা চামচ, মরিচের গুঁড়ো সিকি চা চামচ, গোলমরিচের গুঁড়ো ৩ চিমটি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, খোসাসহ কাঁচা পেঁপে বাটা ৩ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. হাড় ও চর্বি ছাড়া মাংস ২ থেকে ৩ ইঞ্চি লম্বা ও পাতলা করে কেটে নিন।

২. বেরেস্তা ও টকদই ব্লেন্ড করে মিশ্রণটি দিয়ে মাংস মেরিনেট করে নিন।

৩. তেলসহ সব মসলা দিয়ে মাংস মেখে ফ্রিজে রেখে দিন ১৮ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত।

৪. কাঠি ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। মেটালের কাঠি হলে প্রয়োজন নেই। সে ক্ষেত্রে সামান্য তেল মেখে নিন কাঠিতে।

৫. মাংসের টুকরো কাঠিতে ঢুকিয়ে টুইস্ট করে ঘুরিয়ে পরের অংশ গাঁথবেন। কাঠি থেকে খুলে আসবে না মাংস। মাংস গাঁথা হয়ে গেলে যে মসলাটুকু বেঁচে থাকবে, সেটা রেখে দিন।

৬. ফ্রাইপ্যানে  সামান্য সরিষার তেল গরম একটি একটি করে শিক দিয়ে দিন প্যানে।

৭. চাইলে ওভেনেও করা যায় । এ জন্য ৪০০ ডিগ্রি ফারেনহাইটে প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট ধরে বেক করুন। একপাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভেজে নিন। দুই পাশ ভালো করে ভাজা হলে নামিয়ে নিন।

 

সুতা কাবাব

উপকরণ

হাড় ছাড়া গরুর মাংস ১ কেজি, গরুর চর্বি ১০০ গ্রাম, পাকা পেঁপে ২ টেবিল চামচ, গরম মসলা ১ চামচ, জিরার গুঁড়ো ১ চামচ, ধনে ১ চামচ, লবণ ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, মরিচের গুঁড়ো ২ চামচ, পেঁয়াজ ২টি, ধনেপাতা ১ টেবিল চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫টি, শুকনো মরিচের গুঁড়ো ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. মাংস ছোট ছোট পিস করে নিন। এর সঙ্গে চর্বিও ছোট ছোট পিস করে মিশিয়ে নিন ।

২. সব মসলা দিয়ে ম্যারিনেট করে ব্লেন্ডারে কিমা করে ১ ঘণ্টার রেখে দিন ।

৩. শিকের মধ্যে দিয়ে সুতা পেঁচিয়ে গ্রিলে দিন। বাদামি হওয়া পর্যন্ত আগুনে রাখুন।

গ্রিল মাশরুম সাসলিক

উপকরণ

মাশরুম ২০০ গ্রাম, গাজর ২টি, ক্যাপসিকাম ২টি, মুরগির মাংস ২০০ গ্রাম, বড় পেঁয়াজ ৮টি, সয়াসস ২ টেবিল চামচ, সিরকা ২ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, জিরা বাটা ২ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন

১. কিউব করে কাটা মাশরুম, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম ও মুরগির মাংস সয়াসস, সিরকা, মরিচের গুঁড়ো, আদা, জিরা বাটা ও লবণ দিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

২. সাসলিকের কাঠিতে একটি একটি করে গাজর, পেঁয়াজ, মাশরুম, মুরগির মাংস ও ক্যাপসিকাম গেঁথে  িনন।

৩. ফ্রাইপ্যানে তেলে  দিয়ে অল্প আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজুন।

 

বেইলি বারবিকিউ

এম. আর. করিম

বেইলি রোডের সব থেকে পুরাতন বারবিকিউ হাউজ বেইলি বারবিকিউ। পরিচ্ছন্ন পরিবেশে পরিবেশনের জন্য নিউ বেইলি রোডের এ রেস্তোরাঁটির যথেষ্ট সুনাম রয়েছে। তা ছাড়া এখানের সব খাবারই ফ্রেশ, অর্ডারের পর বানানো হয়_ এমন দাবি ম্যানেজারের। তাই এবারের থার্টিফার্স্ট নাইটে এসে একবার ঢুঁ মারতে পারেন এখানে এবং চেখে দেখতে পারেন তাদের সেরা কিছু আইটেম। বিশেষত এ রোস্তোরাঁর চিকেন বারবিকিউ একটু আলাদাই। সঙ্গে স্পেশাল নান নিতে পারেন; খেয়ে মজা পাবেন। অন্যান্য রোস্তোরাঁ থেকে নিউ বেইলি রোডের খাবার দোকানগুলোর বিশেষত্ব হচ্ছে, এ এলাকায় লোকসমাগম অন্য এলাকা থেকে কম, তাই নির্ঝঞ্ঝাট পরিবেশে বছরের শেষ দিন উদযাপনের জন্য চলে আসুন বেইলি বারবিকিউতে । জিনিসের দাম এখানে অনেকটা হাতের নাগালে; যেমন_ এখানের বারবিকিউ স্পেশাল ফ্রায়েড রাইস এবং বিফ ভুনা সঙ্গে পাবেন ২৭০ টাকায়, চিকেন বারবিকিউ ফুল ৩৮০ এবং হাফ নিলে ১৯০ টাকায়, বারবিকিউ শেইক কাবাব ১৪০, বিবিকিউ স্পেশাল চিকেন খিচুড়ি ১৬০, স্পেশাল নান ৮০, লাচ্ছি  ৮০। তা ছাড়া রয়েছে ফ্রায়েড রাইস ও তন্দুরি চিকেন ভেজিটেবিলসহ ২৫০ টাকায়, চিকেন তন্দুরি ফুল ৫৬০ এবং চিকেন গ্রিল হাফ ১৮০ টাকায়।