সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কা ওয়ানডে দলের সাবেক অধিনায়ক চামারা কাপুগেদারা। দেশটির একজন সাংবাদিক খবরটি নিশ্চিত করেছেন।
শ্রীলঙ্কা দলের হয়ে আটটি টেস্ট, ১০২টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা চামারা দেশটির প্রথম শ্রেণী ক্রিকেটের ক্লাব সারাসেন্স স্পোর্টস ক্লাবে কোচিং করছেন।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ২০১০ সাল পর্যন্ত শ্রীলঙ্কার সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন চামারা। এরপরই ছন্দপতন হয় তার। ফর্ম হারিয়ে দল থেকে একসময় বাদ পড়েন। যদিও দারুণ নৈপুণ্যে ফের জাতীয় দলে ফেরেন ২০১৫ সালে।
জাতীয় দলের হয়ে সবশেষ তাকে মাঠে দেখা যায় ২০১৭ সালে, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে। একই বছরই চামারা বাংলাদেশের বিপক্ষে খেলেন সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ। আর সবশেষ টেস্ট ছিল ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
খেলোয়াড়ী জীবন থেকে অবসর নিলেও ক্রিকেট ছাড়ছেন না ৩২ বছর বয়সী চামারা। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার লক্ষ্য তার।