বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ ও মারধরের মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে পুনরায় বহিষ্কার করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
নোয়াখালী জেলা প্রশাসক অফিস জানায়, বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ মামলার চার্জশিট আদালতে গ্রহণ এবং চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ইউনিয়ন পরিষদে চালানো কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার আইন অনুযায়ী চরবাটা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে পুনরায় সাময়িক বরখাস্ত করা হয়।
নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, অনিয়মের অভিযোগে এ বছরের ২৮ জুলাই মন্ত্রণালয়ের একই শাখা থেকে তাকে বহিষ্কার করে তার পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তিনি হাইকোর্টে রিট করে তা স্থগিত ঘোষণার রায় আনেন।