নির্বাচন কমিশন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মাহবুব তালুকদার যেসব কথা বলেছেন, তা তার পদত্যাগ করে বলা উচিত ছিল। পদে থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা। এগুলো পদত্যাগ করে বললেই বরং সমীচীন হয়।’ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বারবার নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়ে আলোচনার জন্ম দেওয়া ইসি মাহবুব গত বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বলেন, ‘নির্বাচন কমিশন আইনত স্বাধীন, কিন্তু বাস্তব ড়্গেত্রে সেই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি। এজন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন।’ খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি নির্বাচনের পুনরাবৃত্তি ঢাকার সিটি নির্বাচনে দেখতে চান না বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার সংস্কার আমাদের দাবিতেই বেশি হয়েছে। বাংলাদেশে আজ যে ছবিযুক্ত ভোটার তালিকা তা বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই ছবিযুক্ত ভোটার তালিকা এবং নির্বাচন প্রক্রিয়াতে অনেক সংস্কার হয়েছে।’
নির্বাচন কমিশন সংস্কার একটি চলমান প্রক্রিয়া বলেও এ সময় উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এটি যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে যেকোনো সময় হতে পারে। এক সময় আমাদের দেশে হাত তুলে ভোট নেওয়া হতো। পরে সেই ভোট ব্যালটের মাধ্যমে নেওয়া হচ্ছে। এরপর এখন ইভিএম মেশিনে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’