২০১৮ সালের জাতীয় নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ২৯ ডিসেম্বর রবিবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি নিজেই এ ঘোষণা দেন।
ড. কামালের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট মহসিন রশীদ, শহীদুল্লাহ কায়সার, সিরাজুল ইসলাম, শাহ আহমেদ বাদল, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।