মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে প্রায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে একই কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বৃষ্টি ঝরে গভীর রাত পর্যন্ত।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মাহফুজুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আরও ২/১ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
এদিকে আকস্মিক বৃষ্টিতে চরম বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েন দুর্ভোগে। এতে অনেকেই যথা সময়ে কেন্দ্রে পৌঁছতে পারেননি।
বৃহস্পতিবার সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।