ট্রাক পুকুরে: বেপারী-হেলপারের সঙ্গে প্রাণ গেল ২ শতাধিক ছাগলের

সাভারে ছাগল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ সময় ট্রাকে থাকা দুই শতাধিক ছাগলের সঙ্গে বেপারী ও হেলপারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহতরা হলেন- যশোর জেলার সদর থানা এলাকার তেচুলিয়া গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে ছাগলের বেপারী জাকারিয়া হোসেন (৪০) এবং জয়পুরহাট জেলার সোনাপাড়া থানা এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার হাসান মিয়া (৩০)।

থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার জয়পুরহাট থেকে ছাগলবোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে।

ট্রাকটি মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

পরে পুকুরে তল্লাশি চালিয়ে ট্রাকের হেলপার ও ছাগলের বেপারীর লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শুক্রবার সকালে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, ট্রাকটিতে দুই’শ দশটি ছাগল ছিল বলে জানা গেছে। সবগুলো ছাগলই মারা গেছে।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা কারণে ছাগল ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। ছাগল ও দুজনের মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ট্রাকের চালক জীবিত এবং পলাতক রয়েছে।