মাদক কারবারির গানের আসরে পুলিশ কর্মকর্তার নাচ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চিহ্নিত মাদক কারবারি আল আমিনের গানের আসরে অংশ নিয়ে পুলিশের দুই কর্মকর্তা গান-নাচ করেছেন। এদের মধ্যে এক এসআই সেটি নিজের ফেইসবুকে লাইভ করেন। বিষয়টি নিয়ে উপজেলায় সমালোচনার ঝড় বইছে। তবে আড়াইহাজার থানার এসআই সজীব সরকার ও এএসআই অজিত চন্দ্র বিশ্বাসের দাবি, একটি বাড়িতে গানের আসর দেখে তারা অংশ নেন। কোনো মাদক ব্যবসায়ীকে তারা চিনতেন না।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার ফেরিঘাট এলাকার কোনো একটি বাড়িতে এ আসর বসে। আর সেটি এসআই সজীব সরকার নিজের ফেইসবুকে লাইভ করেন। এতে দেখা যায়, হারমোনিয়ামে এক যুবক গান করছেন। ৬-৭ জন তা উপভোগ করছেন।

সেখানে এসআই সজীবের পাশে বসেছিলেন উপজেলার চিহ্নিত মাদক কারবারি বিশনন্দী গ্রামের আল আমিন। তার নামে একাধিক মামলা রয়েছে। গানের তালে সিগারেটের ধোঁয়া উড়িয়ে নাচ করেন এএসআই অজিত চন্দ্র বিশ্বাস। মাদক কারবারির আসরে পুলিশ কর্মকর্তাদের নাচ-গান নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে এএসআই অজিত চন্দ্র বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, ‘গান হচ্ছিল দেখে অংশ নিয়েছিলাম। আল আমিন মাদক কারবারি আমরা জানতাম না। বাড়িটির মালিক সম্পর্কে কিছুই জানি না।’ আর এসআই সজীব সরকার বাড়িটির বিষয়ে উত্তর না দিয়ে পরে যোগাযোগ করতে বলেন। পরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।