ঘন কুয়াশা ও পিচ্ছিল সড়কে দুর্ঘটনা

প্রকৌশলী-নার্সসহ নিহত ৬

কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটিতে একই স্থানে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় নার্সসহ ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ঢাকার সাভারে ছাগলভর্তি ট্রাক পুকুরে পড়ে মারা গেছেন ছাগলের বেপারি এবং ট্রাকটির চালকের সহকারী। এ দুর্ঘটনায় মারা গেছে দুই শতাধিক ছাগলও। এ ছাড়া চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বিদ্যুতের এক প্রকৌশলী। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর

কিশোরগঞ্জ-ভৈরব সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর এলাকায় গতকাল শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন সিলেট জেলার কানাইঘাটের ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) ও ময়মনসিংহ সদরের জিনাত খান (৫০)। তাদের মধ্যে জিনাত খান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স। সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী বিশাল পরিবহনের নাইট কোচ খাদে পড়ে গেলে এটির উদ্ধারকাজ চলার সময়েই আরেকটি ট্রাক এসে পিচ্ছিল সড়কে ব্রেক কাজ না করে সেটিও খাদে পড়ে যায়।

কটিয়াদী হাইওয়ে পুলিশের সার্জেন্ট ডিএম জহিরুল ইসলাম জানান, ঘন কুয়াশা এবং পিচ্ছিল সড়কের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভারে একটি ছাগলভর্তি ট্রাক মহাসড়কের পাশের পুকুরে পড়ে নিহত হয়েছেন ছাগলের বেপারি এবং ট্রাকের হেলপার। এ সময় ট্রাকে থাকা দুই শতাধিক ছাগলও মারা গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর থানা এলাকার তেচুলিয়া গ্রামের মৃত ইসলাম ম-লের ছেলে ছাগলের বেপারি জাকারিয়া হোসেন (৪০) এবং জয়পুরহাট জেলার সোনাপাড়া থানা এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার হাসান মিয়া (৩০)।

থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার জয়পুরহাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশে ছেড়ে আসে। ট্রাকটি মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।

সাভার মডেল থানার এএসআই শরীফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে ছাগলভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে ছাগলের বেপারি, হেলপার ও সবকটি ছাগল মারা যায়।

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রকৌশলীর নাম এমদাদুল হক শোভন (২৮)। তিনি চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানে জুনিয়র ইলেকট্রিক্যাল ডিজাইন প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকায়। তিনি আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রকৌশলী শোভন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টাইগারপাস রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের কাছে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। এ সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়।