রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের পশ্চিম পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হন। এমন পরিস্থিতিতে বেলা সোয়া তিনটার দিকে কার্যালয়ের অদূরে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও নেতাকর্মীরা কিছুটা হতভম্ব হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তারা আবার মিছিলে প্রকম্পিত করে তোলেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক।
ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পরই ফকিরাপুলের দিক থেকে নেতাকর্মীদের নিয়ে দক্ষিণের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। অন্যদিকে নাইটিঙ্গেল মোড় থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।