ফরিদপুরের চরভদ্রাসনে ধর্ষণের পর মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় ওই মাদ্রাসার দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন মোতাসিন বিল্লা (২৪) ও আসাদুজ্জামান (৩০)।
গত বুধবার ফরিদপুরের চরভদ্রাসনে আবদুর রহমান নামে আট বছরের এক মাদ্রাসাছাত্র ধর্ষণের শিকার হয়। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুজ্জামান জানান, প্রাথমিকভাবে যৌন হয়রানির আলামত পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে বাবা আবদুস সোবাহান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ধর্ষণসহ হত্যার অভিযোগে থানায় মামলা করেন।
চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফফার বলেন, শুক্রবার দুপুরে গ্রেপ্তার হওয়া মাদ্রাসার দুই শিক্ষককে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রবিবার আদালতে ওই দুই শিক্ষকের সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হবে।