নাটোরে ট্রাক্টরের চাকায় পিষ্ট মাদ্রাসা শিক্ষক

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে সিংড়া-বিলদহর সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ উপজেলার পাঁচলাড়ুয়া গ্রামের হোসেন আলীর ছেলে এবং সাঐল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, বাহাদুরপুর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ওই শিক্ষক। পথে রামপুর এলাকায় ওভারটেক করার সময় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।