মাদারীপুরে এক বৃদ্ধ কবিরাজকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণের তিন দিন পর অপহৃত বৃদ্ধকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে অভিযান চালিয়ে অপহৃত পরিমল মিত্র (৬৫) নামে ওই বৃদ্ধ কবিরাজকে উদ্ধার করা হয় ।
এ সময় অপহরণকারী তিন সদস্য সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের হাফেজ ফকিরের ছেলে মিজানুর রহমান (৩৫), চান মিয়া মোল্লার ছেলে সোবাহান মোল্লা (২২) এবং মস্তফাপুর গ্রামের রফিক ভূঁইয়ার ছেলে মনির ভূঁইয়াকে (৩৭) আটক করে । অপহৃত পরিমল মিত্র পেশায় একজন কবিরাজ ।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প জানায়, কবিরাজ পরিমল মিত্র (৬৫) গত ২৫ ডিসেম্বর সকাল ৭টার সময় নিজ বাড়ি গৌরনদী হতে তার মেয়ে জামাই বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দাসেরহাট গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি বাজারে পৌঁছালে অপহরণ চক্রের সদস্যরা রোগী দেখানোর কথা বলে তাকে আটকিয়ে রাখে এবং মোবাইল ফোনের মাধ্যমে অপহৃতের পরিবারের নিকট মুক্তিপণ হিসাবে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ বিষয়ে অপহৃতের পরিবার বরিশাল জেলার গৌরনদী থানায় একটি নিখোঁজ জিডি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে অভিযান পরিচালনা করে অপহৃত পরিমল মিত্রকে অপহরণ চক্রের সদস্য সোবাহান মোল্লা (২২) এর বসত বাড়ি হতে উদ্ধার করে।
এ সময় মূল অপহরণকারীরা কৌশলে পালানোর চেষ্টা করলে তাদেরও হাতে নাতে আটক করা হয়। আটককৃত আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।