সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গয়লা বটতলা এলাকায় শুক্রবার রাতে সুমন খান (৩৬) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত সুমন ওই মহল্লার ট্রাক চালক আমজাদ খানের ছেলে।
এ বিষয়ে সদর থানার ওসি আবু দাউদ জানান, শুক্রবার রাতে গয়লা এলাকায় একটি ধর্মীয় জলসা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সুমন তার নিজ বাড়ির ঘরে বন্ধুদের নিয়ে রাতভর আড্ডা দেয়। এর একপর্যায়ে সে বন্ধুদের হাতে খুন হয় বলে তার পরিবারের লোকজন অভিযোগ করেছে।
তিনি আরও জানান, শনিবার সকালে সুমনের অপর বন্ধু ডাকতে এসে দেখে ঘরের দরজায় বাইরে থেকে সিটকিনি দেওয়া। সিটকিনি খুলে ঘরে প্রবেশ করে বিছানায় সুমনের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, সুমন তৃতীয় লিঙ্গের। বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে গিয়ে খুন হয়ে থাকতে পারে। এ ঘটনায় তার পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।