চীনা কোম্পানি হিসেবে বেশ বিড়ম্বনায় পড়তে হয় জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। গোয়েন্দাবৃত্তিতে জড়িত সন্দেহে চীনা অ্যাপগুলো নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশ।
টাইমস অব ইন্ডিয়া জানায়, চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানায় টিকটিকের নিজস্ব কোনো অফিস নেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাইটড্যান্সের অফিস থেকে টিকটকের কাজকর্ম পরিচালিত হয়। কিন্তু চীনা তকমার কারণে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্মটিকে।
টিকটকের মাধ্যমে কোনও ভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নজরদারি চলছে কী না, এমন প্রশ্ন উঠেছে। এমনকি অ্যাপটি দেশটির জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে মার্কিন সিনেটে। ইতিমধ্যে মার্কিন নৌবাহিনীর ফোনে টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে নিজেদের গা থেকে চীনা কোম্পানির তকমা ঝেড়ে ফেলতে মরিয়া টিকটক। প্রাথমিকভাবে জানা গেছে, সদর দপ্তর তৈরির জন্য টিকটকের পছন্দের তালিকায় সবার ওপরে আছে সিঙ্গাপুর, লন্ডন এবং ডাবলিনের মতো শহরের নাম।