গার্মেন্টস এক্সেসরিজ কারখানা হবে আদমজীতে

আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করবে মেসার্স সিএমজেড জিপার সাই অ্যান্ড টেক (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে চীন-বাংলাদেশ মালিকানাধীন প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) বিনিয়োগ চুক্তি হয়েছে।

সিএমজেড জিপার বার্ষিক ১৩ কোটি ৪০ লাখ পিস জিপার, বাটন, ধাতব রিভেট ও আইলেট, ব্যাজসহ বিভিন্ন পণ্য তৈরিতে বিনিয়োগ করবে ১ কোটি ১৫ লাখ ডলার। এখানে কর্মসংস্থান হবে ১ হাজার ৩০৩ বাংলাদেশির। বেপজার নির্বাহী চেয়ারম্যান এসএম সালাহউদ্দিন ইসলামের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান ও সিএমজেড জিপারের চেয়ারম্যান মিজ শাও মিনওয়ে সম্প্রতি রাজধানীতে বেপজা কমপ্লেক্সে চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মো. মিজানুর রহমান, সচিব মো. নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন।