সেমিনারে পরিকল্পনামন্ত্রী

দারিদ্র্য বিমোচন বড় চ্যালেঞ্জ

সামনের দিনে দারিদ্র্য বিমোচন বড় চ্যালেঞ্জ হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্র্য নিরসন। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দারিদ্র্যের হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। কিন্তু তা করা হবে বড় চ্যালেঞ্জ। বর্তমানে প্রতি ৫ জনে ১ জন মানুষ দরিদ্র।

গতকাল রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চায়না সিল্করোড ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব এবং বাংলাদেশ-চীন সিল্করোড ফোরামের প্রেসিডেন্ট দিলীপ বড়–য়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু, বিএনপি নেতা ড. মঈন খানসহ অন্যরা।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ শাসিত ও শোষিত অবস্থায় ছিল। জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণবাদে বিশ্বাস করেন। তিনি বলেন, গ্রাম ও শহরের বৈষম্য চিরায়িত। সরকার গ্রামের উন্নয়নের দিকে নজর আছে এ জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। আর আমাদের প্রধান সমস্যা দারিদ্র্য, তাই সেটা মোকাবিলা করতে আমরা কাজ করছি।

চীন থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে উল্লেখ করে মান্নান বলেন, আমরা চীনকে নকল করে নয়; বরং তাদের থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি। চীন তাদের অবকাঠামোগত উন্নয়ন দিয়ে অর্থনীতির মেরুদ- গড়েছে। আমার মনে হয়, আমরা আমাদের অর্থনীতিকে সেদিকে নিচ্ছি। তাদের থেকে শিখে বিভিন্ন সুদূরপ্রসারী উন্নয়ন করছি আমরা। এ জন্য কিছুটা হলেও আমাদের দারিদ্র্য কমেছে, সবাইকে স্বীকার করতেই হবে।