প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমান মুখ্য সচিব মো. নজিবুর রহমান ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হন আহমদ কায়কাউস।
রাষ্ট্রীয় মর্যাদাক্রম বিন্যাসের (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬) দ্বাদশ অবস্থানে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব। ১৯৮৬ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা মাঠ প্রশাসন, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন কায়কাউস। এরই ধারাবাহিকতায় তিনি বিদ্যুৎ বিভাগের সচিব ও সিনিয়র সচিব হন।