আ.লীগ নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ ও গুলি

আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম স্বাধীনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাতে পৌর শহরের নীচা বাজার এলাকায় বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার মধ্যরাতে মুখ বাঁধা দুই মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতা স্বাধীনের বাসার বেলকনিতে দুটি ককটেল নিক্ষেপ ও দুই রাউন্ড গুলি ছোড়ে। ককটেল দুটি বেলকনিতেই বিস্ফোরিত হয়। আর জানালার থাই গ্লাসের অ্যাঙ্গেলে একটি এবং ছাদের কার্নিশে আরেকটি গুলি লাগে। এতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

আওয়ামী লীগ নেতা স্বাধীন বলেন, ‘আসছে উপজেলা অওয়ামী লীগের কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষ আমাকে ভয়ভীতি বা হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে।’ থানায় অভিযোগ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘কুয়াশার কারণে সিসি ক্যামেরা ফুটেজে দুর্বৃত্তদের চেনা যায়নি।’

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’