রাজাকারের নামে স্কুলের তালিকা চায় সংসদীয় কমিটি

স্বাধীনতাবিরোধী রাজাকারদের নামে কোনো প্রাথমিক বিদ্যালয় থাকলে সেগুলোর তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা করে পাঠদানের পাশাপাশি একই বিষয়ে লিখন কর্মসূচি চালুর সুপারিশ করেছে কমিটি।

গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সদস্য মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম বাবু, বেগম শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম এবং মো. মোশারফ হোসেন অংশ নেন।

এ ছাড়া প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে প্রতিদিন প্রত্যেক শিক্ষার্থীকে ন্যূনতম একটি বাংলা ও একটি ইংরেজি শব্দ সঠিক উচ্চারণে পড়া ও লেখা শেখানো নিশ্চিতকরণে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ল্ড’ কর্মসূচি সঠিকভাবে পরিচালনার সুপারিশ করে কমিটি। বৈঠকে রাজাকারদের নামে থাকা প্রাথমিক বিদ্যালয়ের তালিকার বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, এই তালিকা করতে তারা মাঠপর্যায়ে চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিকে জানানো হবে।

বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঠিকভাবে লেখাপড়া করছে কি না, তা পর্যবেক্ষণের জন্য স্থানীয় সাংসদদের মনিটরিং কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়।